বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক তানভীর আহম্মেদ অস্ত্র ব্যবসায়ী গোপাল চন্দ্র সূত্রধরকে (৩০) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে। সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত গোপাল বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের মৃত হরিপদ সূত্রধরের ছেলে। ওই আদালতের স্টেনোগ্রাফার সেলিনা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উক্ত অস্ত্র ব্যবসায়ী গোপাল চন্দ্র সূত্রধর নিজ কারখানায় গোপনে অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্রের বাট তৈরি করতো এবং বিভিন্ন অপরাধীদের কাছে এসব দেশীয় অস্ত্র বিক্রি করতো।
গত ২০২০ সালের ২৮ আগষ্ট চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে কাঠের বাটসহ ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে তার বিরুদ্ধে চাজর্শীট দাখিল করে পুলিশ। এ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক বুধবার দুপুরে উল্লেখিত রায় ঘোষণা করেন।