বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বী পূর্ণাথীদের উৎসব মহাঅষ্টমী স্নান গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ই এপ্রিল) জেলার কাপাসিয়া উপজেলার ঘিঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে এই অনুষ্ঠানে নানা বয়সী পূণ্যার্থীদের ঢল নামে।
এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের পাড়ে মেলা বসে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ভ্যান ও হেঁটে মেলাস্থলের দিকে ছুটে আসে হাজার হাজার নারী-পুরুষ। স্নান ও মেলা উপলক্ষে ব্রহ্মনদের পাড় ও শীতলক্ষা নদীর পাড় ঘেঁষে ও বটগাছ ঘাট এলাকায় বসে মেলা আসর, গীতাপাঠ ও লীলা কীর্তন। বাঁশির সুর, ঢোলের শব্দ ও নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে চরাঞ্চল।
মেলায় বাঁশের বাঁশি, মাটির হাঁড়ি, থালা, দেব-দেবীর মূর্তি, পুতুল, বাঘ, আম, নৌকা ইত্যাদির পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এ ছাড়া রয়েছে ফল-মূল, নানা জাতের চাল, মুড়ি-মুড়কি, খই, দই, চিড়া ইত্যাদি।
স্নান কমিটির সাধারণ সম্পাদক বাবু জীবন ভৌমিক জানান, বিশুদ্ধ পানীয় জলের জন্য নলকূপ স্থাপন ও নারী পুণ্যার্থীদের পোশাক পাল্টানোর সুবিধার্থে মেলা কমিটি অস্থায়ী ঘর নিমার্ণ করেছেন।
প্রতিবছর নির্দিষ্ট দিনে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হিন্দুধর্মের মানুষেরা পাপ মোচনের আশায় কাপাসিয়ার ব্রহ্মপুত্র নদের তীরে স্নানের জন্য ছুটে আসে। প্রতিবছরের মতো এবারও পাশের জেলা কিশোরগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা অষ্টমী স্নান মেলায় এসেছেন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোরর্শেদ খান জানান, মেলা প্রাঙ্গণের নিরাপত্তা রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপির সদস্যদের টহল জোরদার করা হয়েছে।