বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।
কাহালু থানার ওসি আমবার হোসেন এ তথ্য দিয়েছেন। নিহতরা হলেন বগুড়ার কাহালু উপজেলা সদরের টিএ্যান্ডটি এলাকার অরুণ কুমার মোহন্তের স্ত্রী ফাল্গুনি রানী (২২) ও কড়ই গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম (৬০)।
পুলিশ জানায়, গৃহবধু ফাল্গুনি রানী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রিকশা ভ্যানে কোন অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে ভ্যানটি কাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সান্তাহার ছেড়ে আসা বগুড়াগামী একটি বাসের চালক ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী ফাল্গুনী রানী মারা যান।
অপরদিকে গত ১০ এপ্রিল কাহালু উপজেলার শেখাহার এলাকায় বাসের ধাক্কায় রোকেয়া বেগম আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, নিহত দুই নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।