বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারে লাইসেন্স না করে বিক্রি ও বিতরণের দায়ে তিন মিষ্টির দোকান মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের নেতৃত্বে ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সমন্বয়ে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই বাজারের মেসার্স অকবরিয়া সুইট মিট মিষ্টির দোকান মালিকে ১০ হাজার টাকা, ইসলামিয়া সুইটসকে ৩ হাজার টাকা ও আল মদিনা সুইটসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণকারী বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন বলেন, ফার্মেন্টড মিল্ক (দধি) পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ না করে বিক্রি ও বিতরণের দায়ে বিএসটিআই আইনে উক্ত তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।