বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: অভিনব প্রতারণার অভিযোগে সিরাজগঞ্জে বাটার শো-রুম ও নকল আইস্ক্রিম বিক্রির দায়ে অপর একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জ জেলা শহরে বৃহস্পতিবার সাড়ে ১২ টায় এই জরিমানা করেন।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ জেলা শহরের এসএস রোডস্থ বাটার শো-রুমে অভিযান চালিয়ে ১ হাজার ৪৯৯ টাকার জুতার স্টিকারের উপর ১ হাজার ৭৯৯ টাকা এবং ১ হাজার ৩৯৯ টাকার স্টিকারের উপর ১ হাজার ৪৯৯ টাকার স্টিকার লাগিয়ে বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এরপর প্রাণ ব্যান্ডের নকল আইস্ক্রিম বিক্রির দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র ঈদকে সামনে রেখে এসব অনিয়ম করা হচ্ছে।
জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। এ অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট থানার পুলিশ সার্বিক সহযোগিতা করেছেন।