বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পারাবারিক কলহের জের ধরে স্ত্রীর আঘাতে স্বামী ফয়ছল আলম খান (৩৩) এর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় স্ত্রী মোরশেদা খামারুকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ফয়ছল আলম খান সিলেট জেলার রইস আলী খানের ছেলে। সে টঙ্গীর আরিচপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে রং মিস্ত্রির কাজ করতো। মোরশেদা খামারু রাজশাহী জেলার বাগমারা থানার সাদিপুর গ্রামের মৃত মনসুর খামারুর মেয়ে।
টঙ্গী পূর্ব থানা ওসি জাবেদ মাসুদ জানায়, সোমবার পারিবারিক কলহের জেরে উত্তেজিত অবস্থায় বাসায় ব্যবহৃত সিল দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন স্ত্রী মোরশেদা। পরে গলায় ওরনা পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টাও করেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত স্বামী ফয়ছল আলম খানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করলে তার মৃত্যু হয়। মোরশেদাকে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।