বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর দৌহিত্র ড.মোহাম্মদ শেহরিন সেলিম রিপন বৃটেনের রানীর ‘মেম্বার অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার’(এমবিই) পদক গ্রহণ করেছেন।
বৃটেনের রাজপ্রাসাদে রাজ পরিবারের সদস্য প্রিন্স চার্লস মঙ্গলবার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে ড.মোহাম্মদ শেহরিন সেলিম রিপনের হাতে এ পদক তুলে দিয়েছেন।
ব্রিটিশ বংশোদ্ভূত তার স্ত্রী ফারহানা সেলিমও সাথে ছিলেন।
পূর্ব লন্ডনে সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় চলতি বছরের জানুয়ারি মাসে ড.মোহাম্মদ শেহরিন সেলিমকে এই খেতাবে ভুষিত করা হয়েছে। প্রতি বছর নববর্ষে ও বৃটেনের রানীর জন্মদিনে এই খেতাব প্রদান করা হয়ে থাকে।
ড.মোহাম্মদ শেহরিন সেলিম রিপন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত ড.মোহাম্মদ সেলিমের ছেলে ও আওয়ামী লীগের অপর প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ভাতিজা। বর্তমানে পূর্ব লন্ডনের উডফোর্টে বসবাস করেন তিনি।
ড. শেহরিন সেলিম রিপন বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে পদক গ্রহণের পোস্টটি আপলোড দিয়েছেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, লন্ডনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কর্মহীন হয়ে পড়া মানুষের সহযোগিতার জন্য তিনি ‘কর্ম স্বাধীন’ নামে একটি প্রকল্প শুরু করেছিলেন। তিনি এই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মহীন জেল ফেরত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন।
এছাড়াও তিনি সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পূর্ব লন্ডনের সুবিধাবঞ্চিত পাঁচ সহস্রাধিক মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয় দীর্ঘ ২০ বছর ধরে পূর্ব লন্ডনের সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে আসছেন তিনি। ‘মেম্বার অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার’খেতাব অর্জনকে অত্যন্ত সৌভাগ্যের ও একজন বাঙ্গালির জন্য গৌরবের বলে উল্লেখ করেন ড.মোহাম্মদ শেহরিন সেলিম রিপন। তার এ অর্জনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশ স্বাধীন না হলে হয়তো লন্ডনের মাটিতে বিচরণের ভাগ্য হতো না এবং এমন সম্মান বাস্তবে কল্পনাও করা যেত না।
উল্লেখ্য, যুক্তরাজ্যে সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ ও জাতীয় চার নেতা পরিষদের সহ-সভাপতি, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি একই সাথে মুক্তিযুদ্ধকালীন পত্রিকা সাপ্তাহিক দাবানলের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বও পালন করছেন ড.মোহাম্মদ শেহরিন সেলিম রিপন।