বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে দিনব্যাপী কৃষক সমাবেশ ও কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে এই প্রতিপাদ্যে বুধবার সকালে রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলার তফসিলি ব্যাংকের শাখাসমূহের সহযোগিতা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই কৃষক সমাবেশ ও কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ।
রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক, তপন কুমার পাল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙ্গামাটি কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. এমরানুল ইসলাম মজুমদার, রাঙ্গামাটি সোনালী ব্যাংকের সহকারী পরিচালক সত্য রঞ্জন সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু মো. মনিরুজ্জামানসহ ব্যাংক কর্মকর্তা ও কৃষকরা ।
বক্তারা বলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে হলে দেশের কৃষি খাতকে আরো উন্নত করতে হবে। তার জন্য সরকার উন্নয়নমূখী নানান পদক্ষেপ গ্রহণ করেছে। অনাবাদি জমিগুলো আবাদের উপযোগী করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারের সহযোগীতা সব সময় আছে।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের স্বল্প ঋণের ব্যবস্থা করে দিয়েছে। যার ফলশ্রুতিতে কৃষকরা খুব স্বল্প সুদে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারছে। এতে করে কৃষকরা অনেক বেশি উপকৃত হচ্ছে। কৃষকদের উন্নয়ন হলে দেশের খাদ্য উৎপাদনের উন্নয়ন ঘটবে।
খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে সরকার বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি বিভিন্ন সময় বিনামূল্যে বিতরণ করেছে।
আলোচনা সভায় ব্যাংকগুলো থেকে সরকারি নির্দেশনা মেনে সহজশর্তে কৃষকদের মাঝে কৃষি ঋণ প্রদানে আশ্বাস দেন ব্যাংক কর্মকর্তারা।
আলোচনা শেষে, জেলার ৭টি ব্যাংক ৪% সুদের হারে ৩০জন প্রান্তিক কৃষকদের মাঝে ২৭লাখ টাকা কৃষি ঋণের চেক প্রদান করেন জেলা প্রশাসক।