বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সুইজারল্যান্ড ও জার্মানির ২৮ জন পর্যটক পাঁচ তারকামানের বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ নিয়ে সিরাজগঞ্জ ভ্রমণ করে ফিরে গেলেন।
২৮ বিদেশি পর্যটকের মধ্যে সুইজ্যারল্যান্ডের ২৭ ও জার্মানির একজন নাগরিক রয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ভারতীয় মালিকানাধীন বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ সিরাজগঞ্জের যমুনা নদীর হার্টপয়েন্ট এলাকার পুরাতন জেলখানা ঘাটে নোঙ্গর করে।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান পর্যটকদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান। জেলা প্রশাসক জানান, অভ্যর্থনা জানানোর পর পর্যটকরা ঘাট থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ঐতিহ্যবাহী নবরত্ন মন্দির পরিদর্শন শেষে একই এলাকার পাঁচলিয়া বাজার এলাকার রাণীনগর গ্রামে তাঁতশিল্প কারখানা ঘুরে ঘুরে দেখেন। এসময় তারা তাঁতীদের সঙ্গে কথাও বলেছেন।
পর্যটকরা সিরাজগঞ্জের ঐতিহ্য, শিল্প ও প্রাকৃতিক সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে জেলার মানুষের আতিথেয়তারও প্রশংসা করেন।
সারাদিন পরিদর্শন শেষে মঙ্গলবার সন্ধ্যার দিকে পর্যটকদের নিয়ে বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ সিরাজগঞ্জ ত্যাগ করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লউটিএ) সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ডের ২৭ ও জার্মানির একজন মোট ২৮ বিদেশি নাগরিক নিয়ে বাংলাদেশ ভ্রমণে আসে প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’।
বাংলাদেশ থেকে মোট ৩২০০ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ আসাম পৌঁছাবে। তাদের এ যাত্রাপথে সময় লাগবে ৫১ দিন।
পাঁচ তারকামানের এ প্রমোদতরীতে ২৮টি বিলাসবহুল কামরার পাশাপাশি আধুনিক রেস্তোরাঁ, পানশালা, স্পা’ সেন্টারও রয়েছে বলে সূত্র থেকে জানা গেছে।