বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদীপক্ষ তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। দুপুরে ওই আদালতের বিজ্ঞ বিচারক ওবায়দুল হক রুমি শুনানির পর তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের এপিপি মোঃ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে মামলা করেন।
হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের আসামি করা হয়। উল্লেখ্য, জুলাই ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গত ৩ ফেব্রুয়ারী রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে র্যাব-২ এর সদস্যরা তাকে গ্রেফতার করেন।