শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে: রাষ্ট্রদূত ওয়েন তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন ও দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় একমত বিএনপি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বিএনপি প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন চায় ও দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সিদ্ধান্তেও একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মঙ্গলবারের (১৭ জুন) আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতি চাইলে নিজ ক্ষমতাবলে যাকে ইচ্ছা তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার এখতিয়ার রাখেন। প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির এই একচ্ছত্র ক্ষমতা পরিবর্তনে বিএনপি একমত।

রাষ্ট্রপতিই প্রধান বিচারপতি নিয়োগ দেবেন কিন্তু তাকে কিছু প্রক্রিয়া এবং নিয়মকানুন মেনে এ নিয়োগ দিতে হবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘আপিল বিভাগের দুইজন বিচারপতি থেকে রাষ্ট্রপতি একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন। শুরুতে আমরা তিনজনের কথা বললেও বেশিরভাগ রাজনৈতিক দল দুইজনের ব্যাপারে একমত হওয়ায় আমরাও তাদের সঙ্গে সায় দিয়েছি।’

বিএনপি স্বাধীন বিচার বিভাগ চায়, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ স্বাধীনতা পাক এ বিষয়ে বিএনপি সম্পূর্ণ একমত জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘বিচারপতি নিয়োগের স্বেচ্ছাচারিতা থেকে বের হয়ে আসতে পারলে আওয়ামী লীগ আমলে বিচার বিভাগের যে অবস্থা হয়েছিল সেখান থেকে ধীরে ধীরে নিষ্কৃতি মিলবে। পরবর্তীতে যারা সংসদে যাবেন সেখানে এ ব্যাপারে সংযোজন বিয়োজন দরকার হলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে।’

দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা নিয়ে বিএনপি শুরু থেকেই সোচ্চার উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘আমাদের ৩১ দফায় দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার উল্লেখ আছে। উচ্চকক্ষে ১০০ আসনের পাশাপাশি এর নাম সিনেট দেওয়া হবে এমন আলোচনাও হয়েছে আজকের আলোচনায়। তবে আইন পাশের ক্ষেত্রে উচ্চকক্ষের সঙ্গে নিম্নকক্ষের সমন্বয় প্রসঙ্গে কিছু দ্বিমত এবং দ্বিধা আছে।’

৭০ নম্বর অনুচ্ছেদ প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, শুধু অর্থ বিল এবং আস্থা ভোট বাদে এই অনুচ্ছেদ পরিবর্তনে সবাই একমত হলেও বিএনপি এর সঙ্গে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি সংযুক্ত করতে চায়। জুলাই সনদে বিএনপি সই করলেও নির্বাচিত হলে এ দুটো ব্যাপার যোগ করা হবে—তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে।

দলীয় ফোরামে আরও বিস্তারিত পর্যালোচনা শেষে এসব আলোচ্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে মনে করেন বিএনপির এই নেতা।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মঙ্গলবারের আলোচনায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ২৯টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

কমিশনের পক্ষ থেকে সভাপতি আলী রীয়াজসহ আরও উপস্থিত ছিলেন, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বুধবার সকাল ১১টায় আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এতে আজকের অসমাপ্ত আলোচনাসহ জাতীয় সংবিধান কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে৷

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি যোগ দেয়নি। তবে, ঐকমত্য কমিশনের আগামীকালের বৈঠকে দলটি যোগ দেবেন—এমনটিই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com