বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদে চাঁদাবাজি করতে গিয়ে মোঃ মানিক ওরফে কালা মানিক নামে চরমপন্থি দলের সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদে ইকোনমিক জোনে ঠিকাদারদের কাছে চাঁদাবাজির সময় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মানিক বেলকুচি উপজেলার চক বয়রা গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, কালা মানিক ইকোনমিক জোনের ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করে আসছিল। সোমবার বিকেল ৫ টার দিকে চাঁদাবাজির করতে এলে কালা মানিককে স্থানীয়রা গণধোলাই দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটকের পর তার শরীর তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। কালা মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।