বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জুলাই ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে শহীদের আত্মত্যাগই আগামী দিনের দেশ গড়ার প্রেরণা।
সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লায় জুলাই-আগষ্ট শহীদ সোহানুর রহমান রঞ্জু স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে শুক্রবার তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা জীবন বাঁচাতে পালিয়ে যায়। গণআন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের শূন্যস্থান কখনো পূরণ হবেনা। তাদেরকে ভালোবাসা আর শ্রদ্ধা ভক্তির মাধ্যমে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করার জন্য পাঁয়তারা করছে। তারা যেন দেশের ক্ষতি করার জন্য আর না ফিরে আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এসময় শহীদ রঞ্জুর পরিবারের দিকে খেয়াল রাখার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।