বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে আলমগীর হোসেন (৪৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার উলচাপাড়া উপজেলার উলচাপাড়া গ্রামের মনো মিয়ার ছেলে আহাদ (৩০) ও একই জেলার মিরাশাড়ি উপজেলার মিরাসানি মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মোন্নাফ ভূঁইয়ার ছেলে প্রাইভেটকার চালক বশির মিয়া (৩৩)।
অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতেবলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উল্লেখিত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী রেইডিং একটি টিম অবস্থান নেয়। এ সময় ঢাকার যাত্রাবাড়ী থেকে দিনাজপুরগামী একটি প্রাইভেটকার বিশেষ সিগন্যালে থামানো হয় এবং তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এছাড়া মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।