বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত জানে আলমের ছেলে আলী নেওয়াজ খোকন (৫৬) ও নারায়ণগঞ্জ জেলা সদরের ধর্মগঞ্জ গ্রামের মৃত নিতাই চন্দ্র মন্ডলের ছেলে রিপন চন্দ্র মন্ডল (৫০)। র্যাব-১২’র সহকারী
পুলিশ সুপার (অপস) অফিসার মোঃ উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ নগদ ১ হাজার ৩০০ টাকা, ২টি মোবাইল ফোন ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।