বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভারাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুর রহিম সুইট (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃত আব্দুর রহিম সুইট সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামের মোঃ কামরুজ্জামানের ছেলে। র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর পোনে ১ টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভারাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নগদ ৫ হাজার ৬৮০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।