বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় বড়াল নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রোয়িং ফেডারেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিকেলে এ প্রতিযোগিতায় ৮টি বাহারি নৌকা অংশ নেয়।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এ আনন্দঘন প্রতিযোগিতা উপভোগ করতে নদীর উভয়পাড়ে এবং নৌকাযোগে নদীতে বিপুল সংখ্যক দর্শক ভিড় জমায়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহবুব উল আলম। তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারুণ্যের উৎসবে সারাদেশব্যাপী নানা ধরনের খেলাধূলা আয়োজন করছে। এরই অংশ হিসেবে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যের অন্যতম এই নৌকাবাইচ আয়োজন করা হয়েছে। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় বিপুল দর্শকের উপস্থিতিতে অনুপ্রাণিত করছে। আগামীতেও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ আয়োজন অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম, যুগ্ন সম্পাদক রাসিন মোল্লা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস, এম সাঈদ মোস্তাফিজ প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসনেরবিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।