বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে রোপা আমন ধান চাষাবাদে এবার বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই ধান কাটা ও মাড়াই পুরোদমে শুরু হয়েছে। নতুন ধান হাট-বাজারে উঠছে এবং দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে এবার ৯টি উপজেলায় প্রায় ৭৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কৃষকরা এ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষাবাদ করেছে। এ জেলার শস্যভান্ডার খ্যাত তাড়াশ, রায়গঞ্জ, ও উল্লাপাড়া উপজেলাসহ সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে কৃষকরা নানা জাতের রোপা আমন ধানের চারা যথাসময়ে জমিতে রোপণ করেছে। চাষাবাদে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের নানারকম সহযোগিতা ও পরামর্শ দিয়েছে। এসব ধানের মধ্যে রয়েছে ব্রি-ধান- ৯০, ৭১, ৭৫, ৪৯, ১০৩ জাতের ধানের চারা রোপণ করা হয়। এ চাষাবাদে খরচ কম হওয়ায় কৃষকেরা বেশি রোপণ করেছেন এবং মাঠে মাঠে এখন পাকা ধানের দৃশ্য চোখে পড়ার মতো। এ ধান ইতিমধ্যেই পুরোদমে কাটা ও মাড়াই শুরু করেছে কৃষকরা। গ্রামঞ্চলের মাঠে ও বাড়ি বাড়ি ধান মাড়াইয়ের কাজে ঝুঁকে পড়েছে কৃষকরা। বর্তমানে হাট-বাজারে সাড়ে ১২’শ টাকা থেকে ১৪’শ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের চিকন মোটা ধান। তবে ব্রি-ধান-৯০ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা থেকে ২১’শ টাকায়। স্থানীয় কৃষকরা বলছেন, এবার জমিতে ধানের চারা রোপণের আগে এবং পরে দফায় দফায় বর্ষণ হওয়ায় খরচ কম হয়েছে। গত বছরের চেয়ে এবার ধান চাষাবাদে ফলন বেশি ও বাম্পার ফলন হয়েছে।