শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

চলমান হামলার ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার পর ক্ষোভ-বিক্ষোভের মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং খুলনায় ভারতীয় হাই কমিশনে হামলার ঘটনাগুলো ‘জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র’ বলে মনে করছে বিএনপি।

শুক্রবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এ প্রতিক্রিয়া তুলে ধরেন।

তিনি বলেন, ‘‘আমরা এসব ঘৃণ্য ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে, একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়।”

সেই মহল ‘অনেক রক্তের বিনিময়ে অর্জিত’ ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে ‘নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে’ বলে মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, “যখন ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে চলছে, হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এরূপ পরিস্থিতিতে এই ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনাকে আগামী জাতীয় নির্বাচন তথা গণতন্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করি।”

মির্জা ফখরুল বলেন, ‘‘শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

“এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই।”

বিএনপি মহাসচিব বলেন, “যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি। তারই ধারাবাহিকতায় আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি।”

হাদিকে গুলি করে হত্যা এবং তারপর আইন-শৃঙ্খলার অবনতি মিলিয়ে সার্বিক পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলনে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণও মনে করে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। ফলে দেশ-বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়ে চলেছে।”

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাতে জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান , হাফিজ উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com