শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের ভোট টানতে বিএনপি-জামায়াত ‘রীতিমত কম্পিটিশন’ করছে: নাহিদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামী ‘রীতিমত কম্পিটিশন’ করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলছেন, “এখন এই যে ভোটটা নেবে, তার তো কিছু সিম্পটম দেখাইতে হবে। তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দেবে।”

মঙ্গলবার ডেইলি স্টারের নির্বাচন বিষয়ক এক সংলাপে বিএনপি ও জামায়াতের দিকে এ অভিযোগের আঙুল তোলেন এনসিপি নেতা নাহিদ।

সংলাপের এক পর্যায়ে একজন আওয়ামী লীগের লোকদের বিএনপিতে নেওয়ার কথা তুললে সংলাপের অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাবে বলেন, “আমার মনে হয় এই প্রশ্নটা আপনি জেনারালাইজড করতে পারেন না। একটা দুইটা ক্ষেত্রে হতে পারে।

“আমরা এখন পর্যন্ত আমাদের যেহেতু মনোনয়ন চূড়ান্তই করিনি, আমাদের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হয়নি। আপনি যেটা বলছেন বা যেভাবে বলছেন আমার মনে হয় সেই ধরনের কোনো ইন্সট্যান্স আপনি দেখাতে পারবেন না এখন পর্যন্ত।”

ফখরুল বলেন, “পত্র-পত্রিকায় বিভিন্ন নিউজের প্রেক্ষিতে কিন্তু চূড়ান্তভাবে কিছু বলা যায় না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি। আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব- অতটা দেউলিয়াত্ব এখনও আমাদের আসেনি।”

সংলাপের সঞ্চালক ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ প্রশ্নকর্তার সঙ্গে সম্পূরক তথ্য হিসেবে বলেন, বিএনপির মত একই অভিযোগ জামায়াতের ক্ষেত্রেও রয়েছে।

এর জবাব দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

কামাল আহমেদ কুমিল্লার একটি ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করলে আযাদ বলেন, “পত্রিকায় সব কথা সত্য প্রকাশ হয় না ভাই। সব কথা হয় না। এটা আপনারা জানেন যে ইয়েলো জার্নালিজম বলে একটা কথা আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। ফ্যাক্ট চেকিংয়ের একটা উইং থাকে, এগুলো আপনি অস্বীকার করতে পারবেন না।”

তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতায় আমি বিশ্বাসী, গণতন্ত্রের জন্য এটি একটি অপরিহার্য বিষয়। এটা আমি বিশ্বাস করি, এটাকে সম্মান জানিয়ে আমি বলতে চাই – এটা আমি ডিফার করছি। আমাদের দলে একটি ঘটনাও এরকম নেই। আমি আজকে এই অনুষ্ঠান থেকে এটা ডিফার করলাম।

“আর এটা তো প্রশ্নই ওঠে না, এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা–এটা কোন ধরনের মানসিকতা? এটার প্রশ্নই ওঠে না। সেই জন্য এই ধরনের কোনো রাজনৈতিক দল আমি বলতে পারব না, আমার দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের অগোচরেও যদি কিছু হয়ে থাকে, অবশ্যই আমরা ব্যবস্থা নেব।”

তখন নাহিদ ইসলাম কথা বলার সুযোগ নিয়ে দুটি দলের ক্ষেত্রেই এমন অভিযোগ থাকার উদাহরণ দেন।

এনসিপির আহ্বায়ক বলেন, “যদি রিসেন্ট একটা উদাহরণ দিই, আমাদের দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তার যে নির্বাচনী এলাকা দেবিদ্বার, সেখানে কিন্তু গতকাল না পরশুদিন ২০০ আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান করেছে ঘটা করে আয়োজন করে; মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করছে। যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে।

“এবং যখন পুলিশের সাথে কথা বলা হয়েছে, আমরা আইজিপির সাথে কথা বলেছি যে এসপি কীভাবে আসর দেয় এই কাজে, তারা কোনো জবাব দিতে পারতেছে না। ফলে এরকম একটা উদাহরণ শুধু, এরকম কিন্তু অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি।”

তিনি বলেন, “এখন মিডিয়া যদি মিথ্যা হয় সবগুলাই, সেটা কিন্তু সেই দলের দায়িত্ব সেটাকে ভুল প্রমাণ করা।”

তবে সংবাদে কী এল বা না এল, তাতে ‘গুপ্ত রাজনীতির চর্চায়’ সব খবর আসা সম্ভব না বলে মন্তব্য করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, “এইসব নিউজ, ফেইক নিউজ, পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় কী উঠেছে–এইটা নিয়ে তর্ক করে লাভ নেই। কারণ আপনি খোঁজ পাবেন না। প্রকাশ্যে ঘোষণা দিয়ে যোগদান যেমন হয়, আমরা তো দেখেছি পাঁচ লক্ষ টাকা দিয়ে ছাত্রলীগ এর এক্সিকিউটিভ কমিটিতে মেম্বারশিপ রেখেছে–ইনফিল্ট্রেশন। দ্য কালচার অব ইনফিল্ট্রেশন ইজ দেয়ার। খুঁজে পাবেন কীভাবে? সুতরাং অতীতেও দেখেছি এবং গণঅভ্যুত্থানের পরে এখন যে এটা হচ্ছে না এটা বলব না।

“আমি জোর দিতে চাই অন্য জায়গায়। ফ্যাসিবাদের পুনরাবির্ভাব ঠেকাইতে হলে আসল কাজ হল ফ্যাসিবাদী চিন্তাধারা এবং সিস্টেম যেখান থেকে জন্ম নেয়, সেইটাকে নির্মূল করে দেওয়া। এবং সেইটা হল আমার সুনির্দিষ্ট রায়ে লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থা। এইখান থেকে দেশকে বের করে নিয়ে আসতে হবে।”

‘এখনো দেখেন নাই বলা দলকে একাত্তরে দেখেছি হত্যা করতে’

সেলিম বলেন, “কেউ কেউ আবার বলে যে আমাদেরকে তো এখনো দেখেন নাই। একবার ট্রাই করে দেখেন না। আমি বলব ৭১ সালে দেখেছি, প্রভিনশিয়াল গভার্নমেন্টের চারটা মন্ত্রী ছিল আপনাদের। ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। আরও দেখেছি আপনাদেরকে।”

মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার দিকে ইঙ্গিত করে নতুন প্রজন্মকে ইতিহাসের ধারাবাহিকতা থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ করেন সিপিবি নেতা সেলিম।

তিনি বলেন, “আমি নেগেটিভলি বলতে চাচ্ছি না, আমি পজিটিভ জায়গা থেকে বলছি। আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কিন্তু নতুনভাবে সমস্ত কিছু ভাবতে হবে। এবং নতুন প্রজন্ম, জেন-জি এবং অন্যরা, তরুণ প্রজন্ম যে অসাধারণ কৃতিত্ব দেখাল, আমি খালি তাদেরকে অনুরোধ করব যে ইতিহাসের ধারাবাহিকতা থেকে শিক্ষা নিয়ে যদি পথ রচনার চেষ্টা না করি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে।

“এবং উইল পাওয়ার দিয়ে সবকিছু করা যাবে এটা হয় না। আমাদের এই গণঅভ্যুত্থান সম্পর্কে বলা হয়েছে এটা ছিল স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান। এই কথা বলার পর একই মুখ দিয়ে যদি আমি বলি যে একটা মাস্টারমাইন্ড এটার পেছনে ছিল, একটা মেটিকুলাস প্ল্যানিং এর ভেতরে ছিল… যেটা অর্গানাইজড, সেটা কোনোদিন স্পন্টেনিয়াস হয় না। যেটা স্পন্টেনিয়াস, সেটা কোনোদিন অর্গানাইজড হয় না। সম্ভবত মানুষের স্পন্টেনিয়াস শক্তিকে যে গুরুত্ব দিতে হবে, সেই শিক্ষাটা আমাদের এই গণঅভ্যুত্থান থেকে নেওয়া উচিত।”

শাসন কাঠামো বদলে জনগণের ক্ষমতায়ন করার কথা বলেন মুজাহিদুল ইসলাম সেলিম।

জামায়াতে ইসলামীর পক্ষে আযাদ বলেন, তার দল নির্বাচিত হলে ক্রমান্বয়ে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ রাখবে এবং রপ্তানি আয় বাড়াতে রপ্তানির বহুমুখিকরণ করবে। এছাড়া সকল পর্যায়ে শিক্ষা অবৈতনিক করবে এবং নারীর ক্ষমতায়ন ও গণমাধ্যমের স্বাধীনতা ‘নিশ্চিত’ করবে।

নাহিদ বলেন, তার দল ক্ষমতায় এলে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com