বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক বিশিষ্ট সমাজসেবক রফিকুল আলম খান মঞ্জু (৮০) আর নেই।
তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর ইছা (বড়বাড়িয়া) গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)।
তিনি কর্মজীবনে শহরের মোক্তারপাড়া মহল্লায় বসবাস করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে ওই নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তিনি রবিবার সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি অধুনালুপ্ত দৈনিক আজাদ, দৈনিক বাংলা, দৈনিক প্রথম আলো, দৈনিক আমার দেশ পত্রিকা ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি স্থানীয় একাধিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার বিশেষ প্রতিবেদক ছিলেন এবং তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও আজীবন সদস্য ছিলেন। শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাযা এবং দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হওয়ার পর সিরাজগঞ্জ পৌর কেন্দ্রীয় রহমতগঞ্জ কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সহকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।