বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ছয়টি ইটভাঁটার মালিককে সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে অবৈধভাবে ইট প্রস্তুত করায় দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী রায়গঞ্জ উপজেলায় অভিযান চালায়। এ অভিযান চলাকালে মেসার্স বর্ণ ব্রিকস মালিককে ২ লাখ টাকা, মেসার্স প্র্রত্যয় ব্রিকসের মালিককে ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এডিবি ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা, মেসার্স আরএফবি ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলম, র্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।