বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

‘বাজার সিন্ডিকেট’ ভাঙতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : নিত্যপণ্যের ‘বাজার সিন্ডিকেট’ ভাঙতে সংসদের ভিতরে এবং বাইরে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, “আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছেন; তারা ভালো ব্যবসা করতে পারছেন না। আমরা যারা ভোক্তা আছি, আমরা ন্যায্যমূল্যে আমাদের পণ্যগুলা পাই না।

“কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্যমূল্য পায় না। মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওটা ভাঙতে চাই। কোনদিন ভাঙতে পারব আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে।”

মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর মিরপুর-১ শাহ আলী পাইকারি কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

শফিকুর রহমান বলেন, “আমরা থামব না। আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ, আমাদের দাবি সংসদের ভেতরে এবং বাইরে সব জায়গায় অব্যাহত থাকবে। এই দেশটা আমরা সবাই মিলেই ভালো করতে পারব।

“একা কেউ পারবে না, একা কোনো দলও পারবে না। জনগণের সহযোগিতা দরকার। দেশ তো জনগণের জন্য, দেশ জনগণের। দেশের মালিকও জনগণ, আর দেশ হচ্ছে জনগণের জন্য। এজন্য জনগণের জন্য আমাদের লড়াই সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।”

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, “আমরা আজকে মহড়া দিতে আসি নাই। অ্যাকচুয়ালি বাজারটাকে বুঝতে এসেছি। আমি গত ৯ তারিখ জাপান সফর শেষে যখন দেশে ফিরি, তখন এয়ারপোর্টে আপনারা অনেকেই ছিলেন।

“সেখানে একজন বন্ধু প্রশ্ন করেছিলেন- সাংবাদিক বন্ধু যে, ‘বাজার অস্থির, মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে উঠেছে, আপনারা এ ব্যাপারে কী করবেন, কী বলবেন?’

“আমি বলেছিলাম যে, আমি বাজারে না গিয়ে কথা বলব না। আমি সেই বাজার দেখতে এসেছি। আড়ৎ বাজারে এসেছি, খুচরা বাজারেও যাব। এবং মোকাম যেখান থেকে উৎস, সেখানেও আমরা খবর নেব, যাব দরকার হলে। নিয়ে আমরা অবশ্যই কথা বলব।”

স্থানীয় ব্যবসায়ীদের কেউ তাদের দুর্দশার কথা বলতে চান কি না তা জামায়াতের আমির জানতে চাইলে একজন কথা বলেন।

ওই ব্যবসায়ী ‘অধিক দোকান ভাড়া’, ‘চাঁদাবাজি’র কথা বললে বিরোধী দলীয় নেতা শফিকুর বলেন, “আমরা থাকব আপনার পাশে। এই চাঁদাবাজি বন্ধ করতে হলে প্রতিরোধ করতে হবে। আমরা সবাই মিলে প্রতিরোধ করব।”

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমান, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com