সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: রাজধানীতে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন অপতৎপরতায় সরকার মোটেই শংকিত নয় এবং জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাজধানীর বিভিন্ন স্থানে দুই দিন ধরে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় কারা জড়িত এবং কতজনকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শুনেছি, পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ আইসিটি কোর্টের (মানবতাবিরোধী অপরাধ আদালতের) একটা রায়ের প্রেক্ষিতে তথাকথিত কর্মসূচি দিয়েছে। সেটা মনে হয় আজকে ২০ তারিখ, লকডাউন না কি যেন নাম দিয়েছে। সেটাকে উদ্দেশ্য করে রাজধানীতে কিছু ককটেলবাজি করেছে, রাতের অন্ধকারে দুই-একটি জায়গায়।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, মোটরসাইকেলসহ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের ফটকের সামনে যারা একটা ককটেল মেরেছিল, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ীর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।’
বাসে অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, ‘তারা কিছু বাস, পরিত্যক্ত বাস এবং কিছু বাস, যেগুলো চালক ও হেলপারবিহীন অবস্থায় বিভিন্ন জায়গায় পার্কিং করা থাকে রাতে, সেগুলো টার্গেট করে দুই-একটাতে অগ্নিসংযোগ করেছে। এগুলোও আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। তাদেরকে শনাক্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা তাদের অপতৎপরতা, আগে থেকেই দৃশ্যমান ছিল। এগুলোতে আমরা খুব একটা মনোযোগ দিচ্ছি না।’
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ডিসেম্বরে ফেরার বার্তা দিয়েছেন এবং গত শুক্রবার গুলশানের ঘটনা ও আজকের লকডাউনের মতো কর্মসূচির প্রসঙ্গ টেনে আগামী কয়েক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যেতে পারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লকডাউন আমরা শব্দ শুনেছি, তো এখানে লকডাউন কি দৃশ্যমান হয়েছে? এগুলো জাতি প্রত্যাখ্যান করছে।’
তিনি আরও বলেন, ‘যেই আওয়ামী শক্তি ১৪০০ লোকের প্রাণ নিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা চালিয়েছে, এটা জাতিসংঘের রিপোর্ট, আমাদের রিপোর্ট অনুসারে সেটা ২০০০-এরও বেশি, সেই গণহত্যাকারীরা এখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নাই, ভুল স্বীকার করে নাই, উচ্চবাচ্য করছে বিদেশে বসে, তাদের এই সমস্ত অপতৎপরতায় আমরা মোটেই শংকিত না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই জাতি তাদেরকে কখনও এই দেশে রাজনৈতিকভাবে গ্রহণ করবে না। সুতরাং এগুলো অপাংক্তেয়। তারা ডিসেম্বরে ফিরবে বলে, না ফেব্রুয়ারিতে ফিরবে বলে, এগুলোতে আমাদের কোনো মনোযোগ নাই।’
এছাড়া বিরোধী দল যে লং মার্চ করছে, সেটার সুযোগ আওয়ামী লীগ নিচ্ছে কি না এবং রাজপথে নামার সুযোগ বিরোধী দলের কাছ থেকে পাচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধী দল যখন সমালোচনা করে, সেটা আমরা মনোযোগের সাথে নেই। বিরোধী দল কিছু দাবি নিয়ে লং মার্চ করেছে, করতেই পারে। এটা গণতান্ত্রিক সংস্কৃতি, তারা তাদের কর্মসূচি পালন করবে। আমাদের দায়িত্ব হচ্ছে তারা যেন শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচি পালন করতে পারে, সহযোগিতা করা। আমরা করেছি।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে লং মার্চ করেছে, কোথাও কোনো দুর্ঘটনা হয় নাই, সহিংসতা হয় নাই, কোনো ক্ল্যাশ (সংঘর্ষ) হয় নাই। কালকে উত্তরাঞ্চলে লং মার্চ করেছে ঢাকা থেকে, শান্তিপূর্ণভাবে করেছে। তারা তাদের বক্তব্য দিয়েছে, এখন তাদের বিভিন্ন রকমের দাবি থাকতে পারে, সেই দাবির পক্ষে যদি জনগণ থাকে, তখন জনগণ কথা বলবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাঁচ বছর পরে নির্বাচন হবে বিধি মোতাবেক, নিয়ম মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তখন জনমত কাদের পক্ষে যায় সেটা তখন দেখা যাবে। এখন এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় অংশ নিতে যাচ্ছেন। তার যাওয়ার সময়ে এক সপ্তাহ ধরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বিশৃঙ্খলাগ্রস্ত দেশ হিসেবে উপস্থাপন করছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জাতিসংঘে সাধারণ পরিষদের সভায় যে অংশগ্রহণ, এটা প্রতিবছর একবার হয়ে থাকে, তিনি তাতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। তার সাথে এ সমস্ত ঘটনাবলীর কোনো সম্পর্ক নাই।’
তিনি আরও বলেন, ‘আর আওয়ামী ফ্যাসিবাদী শক্তি এগুলো করে আসছে আরও দুই বছর আগে থেকেই। এটা কন্টিনিউয়েশন। বিরোধী দলের কর্মসূচির সাথে তাদের কোনো যোগসূত্র আছে কি না সেটা আপনারাই খুঁজে বের করুন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।’
তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সমস্ত দাবি-দাওয়া বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তেল, গ্যাস, বিদ্যুতের সংকট সমাধানের জন্য, তারা আলোচনা করতে চেয়েছে সংসদে, আমরা দীর্ঘ আলোচনা করেছি। এ বিষয়ে কমিটি করতে চেয়েছে, বিরোধী দল-সরকারি দল মিলায়ে কমিটি করে তারা পরামর্শ দিয়েছে। তো এই বিষয়টায় ওখানেই শেষ হওয়া উচিত ছিল।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com