বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপি জেলা-উপজেলা-মহানগর পর্যায়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:উপদেষ্টা জাহেদ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি জেলা-উপজেলা-মহানগর পর্যায়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির প্রথম সভা মঙ্গলবার (১৩ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

সভা থেকে জেলা, মহানগর, উপজেলা, পৌর ইউনিটে পর্যবেক্ষণ কমিটি ও পূজা মণ্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক টিম গঠনের আহ্বান জানানো হয়।

কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব এবং সংসদ সদস্য খায়রুল কবির খোকন সভাপতিত্বে এবং সদস্য সচিব ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় দেশব্যাপী আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।

একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী।

ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দলের অঙ্গীকার। ঈদ, দুর্গাপূজা, বড়দিন, বুদ্ধপূর্ণিমাসহ সব ধর্মীয় উৎসব বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।এসব উৎসবের মর্যাদা রক্ষা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগে কার্যক্রম সমন্বয় করছেন।

সভায় বিএনপির জেলা, উপজেলা ও পৌর কমিটিগুলোকে স্থানীয়ভাবে পূজা পর্যবেক্ষণ কমিটি গঠন এবং এসব কমিটিতে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।

প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে ৫০০ কেজির পরিবর্তে ৬০০ কেজি চাল বরাদ্দ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অনুদান চার কোটি টাকা থেকে এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা নির্ধারণ এবং ছুটি এক দিন বাড়ানোসহ সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করা হয়।

সভায় পূজামণ্ডপগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে পূজামণ্ডপকেন্দ্রিক স্বেচ্ছাসেবক টিম গঠন করে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় সরকারের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে সার্বিক কার্যক্রমে বিএনপির পক্ষ থেকে সহযোগিতার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় বিএনপির পক্ষ থেকে পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে সহযোগিতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কমিটির আহবায়ক জনাব খায়রুল কবির খোকন এবং সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে সদস্যরা রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে পূজা উদযাপন ও প্রস্তুতির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। রামকৃষ্ণ মিশনের মহারাজ অম্বেশানন্দ মহারাজ প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক পার্থ দেব মণ্ডল, ছাত্রদলের সাবেক সহসভাপতি জয়দেব রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ কমিটির অন্যান্য সদস্য।

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটিতে ইতঃপূর্বে সংশোধন আনা হয়েছে। সংশোধিত কমিটিতে মিল্টন বৈদ্যর পরিবর্তে দলের নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধুকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকারের আমলে প্রথম দুর্গাপূজা আনন্দ-আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com