বাংলা হেডলাইনস : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হাজারো নেতাকর্মী পাটগাতী স্ট্যান্ডে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং টায়ারে আগুন জালিয়ে ওই সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ভাঙচুর চালানো হয় উপজেলা যুবদলের অফিস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের একটি পিকআপ ভ্যানে। আহত হন পুলিশসহ বেশ কয়েকজন।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।