বাংলা হেডলাইনস: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে কপ-৩১ সম্মেলনস্থলে উদ্বোধনী অধিবেশন শুরু হয়।
উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।
এর আগে আজ সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।
উদ্বোধনী অধিবেশন শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলাপচারিতা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান, ইরান ও সিরিয়ার প্রেসিডেন্ট, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং কুয়েতের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।
কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদার করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।
সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের নেতাদের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সূত্র: গণমাধ্যম