বাংলা হেডলাইনস: কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে জানিয়েছেন কারখানা উদ্যোক্তাদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে শনিবার সংবাদ সম্মেলনে এসে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেছেন, “সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষা পর্যালোচনা করে, সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকরা এক কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদন অনুকূল পরিবেশ বজায় না থাকায় এই কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না।
“ফলশ্রুতিতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন।”
শ্রম আইনের ১৩ (১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন এবং এরকম বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গেল মাসের শেষের দিকে পোশাক শ্রমিকরা আন্দোলনে নামেন। রাজধানীর মিরপুর, গাজীপুর, ঢাকার সাভার ও আশুলিয়া, নারায়ণগঞ্জে শ্রমিকদের এই আন্দোলন এক পর্যায়ে সহিংস হয়েছে। মারা যান একজন শ্রমিক।
শনিবারও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা।
এ কারণে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে আরও ৭ কারখানায়।
শ্রমিক অসন্তোষের মধ্যে ১ নভেম্বর সরকার পোশাক শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।
গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। সোমবার মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ পরিস্থিতিতে রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে শনিবার বিকালে সংবাদ সম্মেলনে আসনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান ও বিকেএমইএ এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ দুই সংগঠনের নেতারা।
তার আগে চলমান পরিস্থিতি নিয়ে পোশাক শিল্পমালিকরা জরুরি বৈঠক করেন। এতে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বলেন, “দেশের অর্থনীতি এবং রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি আমাদের পোশাক খাত। তবে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাম্প্রতিককালে পোশাকখাতে নিম্নতম মজুরি বিষয়কে কেন্দ্র করে একটি মহল এই শিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”
আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের কিছু শিল্পপ্রতিষ্ঠানে গত সাত থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম প্রায়ই বন্ধ আছে তুলে ধরে তিনি বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানি আয়ের প্রধান খাতটি বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
“পরিস্থিতি পর্যালোচনা করলে স্পষ্ট প্রতীয়মান হয় যে, আমাদের সিংহভাগ শ্রমিক ভাইবোনই কাজে যোগ দিতে আন্তরিক এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান।
“তবে অত্যন্ত দুঃখজনক সত্য হল, কারখানার অভ্যন্তরে কিছু সংখ্যক বিপথগামী শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা নিজেরাও কাজ করছেন না এবং অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন।”
কারখানাগুলোর ভেতরে ভীতিকর ও অরাজক পরিবেশ তৈরি করা হচ্ছে দাবি করে বিজিএমইএ সভাপতি বলেছেন, এর ফলে কর্মীরা বাধ্য হয়ে কাজ বন্ধ করে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন। শুধু তাই নয়, কারখানা থেকে বের হওয়ার পর তারা দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা সেই কারখানার শ্রমিকদেরও জোরপূর্বক বাইরে বের করে নিয়ে এসে সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন।
ফলে বিজিএমইএ এর সদস্যভুক্ত বর্তমানে ১৪৭টি কারখানা তাদের পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে ব্যর্থ হয়ে বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে দাবি করেন মাহমুদ হাসান।
তিনি বলেন, “এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে একদিকে যেমন আমাদের পোশাক শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে জাতীয় অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। এমনকি সম্পূর্ণ নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিক উপায়ে কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত নিম্নতম মজুরি বোর্ডও আজ স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না।
“আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিও স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, এই চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাদের বা কোনো শ্রমিক সংগঠনের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।”
সংকট উত্তরণে শ্রমিক সংগঠনগুলো যে ভূমিকা পালনের চেষ্টা করেছে, তা যথেষ্ট কার্যকরী ছিল না বলেও মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি।
তিনি বলেন, “মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ কর্মীদের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না, যা সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।”
বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভার কথা তুলে ধরে মাহমুদ হাসান বলেন, “সভায় অংশগ্রহণকারী সদস্যরা সবাই মতামত দিয়েছেন, এ মুহূর্ত থেকে কারখানারগুলোর সার্বিক সুরক্ষা নিশ্চিত না করা হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।”
সরকার দ্রুততম সময়ের মধ্যে শিল্প অঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং আইনের সার্বিক প্রয়োগে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করবে বলে পোশাক খাতের উদ্যোক্তারা আশা প্রকাশ করেন।
একইসঙ্গে সংকট থেকে উত্তরণে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ এবং সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য বিজিএমইএ ও বিকেএমইএ একান্তভাবে আহ্বান জানিয়েছে।
বিজিএমইএ সভাপতি বলেন, “শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে সাভার, গাজীপুর এলাকার পোশাক কারখানা মালিকেরা কঠিন পরিস্থিতিতে পড়েছেন এবং তারা কারখানা সচল রাখতে পারছেন না। এ সব কারখানার মালিকেরা শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে বিজিএমইএকে জানিয়েছেন।”
শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কাজ না করলে মজুরিও পাবে না, সেটি মনে করিয়ে দিয়ে মাহমুদ হাসান বলেন, “কারখানা বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছে আমাদের।”
এ ধারায় রোববার থেকে কতসংখ্যক কারখানা বন্ধ থাকবে সে সংখ্যা না জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “প্রতিদিন একই কারখানায় অসন্তোষ হয় না। ফলে এই সংখ্যা পরিবর্তন হতে পারে। তবে শনিবারের ১৪৭টি কারখানার হিসাব বিবেচনায় নিলে এসব কারখানায় শ্রমিক সংখ্যা প্রায় ৩ লাখ।”