বাংলা হেডলাইনস : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক সিদ্ধান্ত ও যৌক্তিক হয়েছে, যা আজ জাতির কাছে প্রমাণিত। নতুন করে ভাববার সময় এসেছে। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যমতের মাধ্যমে সেটি করবে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পতিত, পরাজিত, পলাতক, ফ্যাসিস্ট, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল দেশে যত ষড়যন্ত্র করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। বাংলাদেশে তাদের পুনঃরুত্থান হওয়ার কোনো সুযোগ নেই। একই সাথে বলতে চাই, দেশকে নতুন করে তাবেদার রাষ্ট্র কায়েমের ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরও আমরা জবাব দিতে চাই। এই দেশের মানুষ দীর্ঘ আন্দোলনের পর একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর কারো তাঁবেদারি করবে না। দেশের জনগণের পক্ষে থাকবে, দেশের স্বাধীনতার পক্ষে থাকবে। লাল-সবুজের পতাকার পক্ষে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে যা করা প্রয়োজন তাই করা হবে।
গোপালগঞ্জ সম্পর্কে তিনি বলেন, পলাতক, পতিত, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের দু-এক জায়গায় পেট্রোল বোমা মেরে, থানা পুড়িয়ে দিয়ে মনে করছে তারা দেশে অরাজকতা তৈরি করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো যারা শহীদ হয়েছে তাদের আত্মাকে বিসর্জন দিয়ে আবার নতুন করে কিছু করবে। আমি তাদের বলতে চাই, এগুলো করে কোনো লাভ হবে না। বর্তমান সরকার মানবিক, ধৈর্য্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে কিছু বিষয় আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আগের সরকারের মতো গুম, খুন, গুলি চালিয়ে কিছু নির্মূল করতে চাই না। যা হয়েছে আমরা ধৈর্য্যসহকারে মোকাবিলা করতে পারবো।
প্রতিমন্ত্রী বলেন, একটি জেলার মানুষ যদি মনে করে তাদের থানার প্রয়োজন নেই, সরকারি অফিস-আদালতের প্রয়োজন নেই, ওই জেলার উন্নয়নের প্রয়োজন নেই, তাহলে বর্তমান সরকার সেটি করবে না। জনগণের ওপর নির্ভর করবে তারা কি চাচ্ছে। জনগণের কাছে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা গাড়িতে অগ্নিসংযোগ করেছে, বোমা মেরেছে, হত্যাযজ্ঞ, গুম ঘটিয়ে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা নিজেদের জেলা মনে করে সেখানে একই ঘটনা ঘটিয়ে আবারও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে তিনি বলেন, স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আর দলীয়ভাবে হবে না। সেখানে কোনো দলের প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি কাউকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। ব্যানার-পোস্টারেও কোনো দলের প্রার্থী হিসেবে লিখতে পারবে না। তবে জেলা-উপজেলা পর্যায়ে বিএনপির পক্ষ থেকে কোন প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে সেটি ঘোষণা করা হবে। যদি কোন ব্যক্তি দলের বাহিরে যায়, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুরের উন্নয়ন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারের জন্য ৫৪ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। রংপুর নগরীর উন্নয়নে ১৮ শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও এলজিইডি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, সিটি করপোরেশনের উন্নয়নের জন্য আরও কোনো কর্মসূচি হাতে হলে তা অনুমোদন করা হবে।
তিনি আরও বলেন, রংপুর অঞ্চলের সকল জেলার জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধুমাত্র রংপুর জেলার উন্নয়নে সাড়ে ৫ শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার জন্য আলাদা একটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। রংপুর বিভাগের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে স্থানে দ্বিতীয় যমুনা সেতু করলে মানুষ বেশি উপকৃত হবে, সেখানে দ্বিতীয় যমুনা সেতু করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মানোয়ারা বেগম, ভাই আবু হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা।