বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় নতুন করে সর্বোচ্চ ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শহরের চেলোপাড়ার চাষী বাজারের মাছের দোকানের ১১ জন কর্মচারি রয়েছেন।
এদের মধ্যে বৃহস্পতিবার রাতে সাবেক এমপি কামরুন্নাহার পুতুল মারা গেছেন। আক্রান্তদের মধ্যে তার পরিবারের তিন সদস্যও রয়েছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
রাত ৯টায় ল্যাব থেকে দেওয়া রিপোর্টে বগুড়ার ১৬৩ জনের মধ্যে ২৫ জন পজিটিভ, জয়পুরহাটের ২৪ জনের মধ্যে চারজন পজিটিভ ও সিরাজগঞ্জের একজন নেগেটিভ।
বগুড়ায় আক্রান্তদের মধ্যে সদরে ১২ জন, শাজাহানপুরে পাঁচজন, শেরপুরে তিনজন, গাবতলীতে দু’জন এবং কাহালু, দুপচাঁচিয়া ও সোনাতলা একজন করে।
সূত্রটি আরো জানায়, সদরে আক্রান্ত ১২ জনের মধ্যে ১১ জনই চেলোপাড়ার। স্থানীয়ভাবে আক্রান্ত এরা সকলে চাষী বাজারে মাছের দোকানের কর্মচারি।