বাংলা হেডলাইনস: যতদিন না কোন প্রতিষেধক টিকা আবিস্কার হচ্ছে ততদিন করোনাভাইরাসকে সঙ্গে করেই হয়তো আমাদের বাঁচতে হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন।
শেখ হাসিনা অঙ্গীকার করেন ‘যতদিন না এই সংকট কাটবে ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ’।
প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই মন্তব্য ও অঙ্গীকার করেন।
তিনি বলেন ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাসে বলা হচ্ছে করোনা ভাইরাসের মহামারী সহসা দূর হবে না। কিন্তু জীবনতো থেমে থাকবে না। যতদিন না কোন প্রতিষেধক টিকা আবিস্কার হচ্ছে ততদিন করোনাভাইরাসকে সঙ্গে করেই হয়তো আমাদের বাঁচতে হবে’।
প্রধানমন্ত্রী বলেন জীবন জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। বিশ্বের প্রায় সকল দেশেই ইতিমধ্যে লকডাউন শিথিল করতে বাধ্য হয়েছে। কারণ অনির্দিষ্টকালের জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ করে রাখা সম্ভব নয়। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের পক্ষেতো নয়ই। আমি ঈদের আগে স্বাস্থ্যবিধি ও অন্যান্য নিয়ম কানুন মেনে কিছু কিছু দোকানপাট খুলে দেওয়ার অনুমোদন দিয়েছি’।
শেখ হাসিনা বলেন যারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন এবং যারা দোকানে কেনাকাটা করতে যাচ্ছেন আপনারা সবাই নিজেকে সুরক্ষিত রাখবেন এবং ভিড় এড়িয়ে চলবেন। আপনার সুরক্ষা আপনার হাতে। মনে রাখবেন আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, প্রতিবেশি সুরক্ষিত থাকবে দেশ সুরক্ষিত থাকবে।
প্রধানমন্ত্রী বলেন যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন জনগণের সম্মিলিত প্রচেষ্টা। সংকট যত গভীরই হউক জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উতরানো কোন কঠিন কাজ নয়।
তিনি বলেন এই সত্য আপনারা আবারো প্রমাণ করেছেন। আপনাদের সহযোগিতা ও সমর্থনে আমরা করোনাভাইরাস মহামারীর আড়াই মাস অত্যন্ত সফলাতার সাথে মোকাবেলার করতে সমর্থ হয়েছি।