বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় নতুন করে দুই চিকিৎসক, এক জনপ্রতিনিধিসহ আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন স্থানে ১৭৯ জন আক্রান্ত হলেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, ঈদের দিন সোমবার রাত ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। বগুড়ার ৭৬ জনের মধ্যে আটজন করোনা পজিটিভ এবং বাকি নেগেটিভ ১৮ জন জয়পুরহাটের।
এ নিয়ে বগুড়ায় মোট ১৭৯ জন কারোনাভাইরাসে আক্রান্ত হলেন।
বগুড়া সদরের আক্রান্ত চার জনের মধ্যে শহরের নিশিন্দারা উপশহর এলাকার এক চিকিৎসক, ঢাকা ফেরত শহরের নাটাইপাড়ার দু’জন ও ছয়পুকুরিয়া এলাকার এক জনপ্রতিনিধি। রংপুর ফেরত সোনাতলার উপজেলার পাকুল্লা গ্রামের একজন ও আগুনিয়াতাইড় এলাকার একজন।
সারিয়াকান্দির একজন এবং নন্দীগ্রামের বাসিন্দা বগুড়া শজিমেক হাসপাতালের একজন নারী চিকিৎসক।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, একজন মারা যাওয়ায় ও ১৬ জন সুস্থ হওয়ায় বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিট এবং নিজ নিজ বাড়িতে ১৬২ জন চিকিৎসাধীন রয়েছেন।