বাংলা হেডলাইনস রাজশাহী : করোনাভাইরাস জয় করে কর্মস্থলে ফিরেছেন রাজশাহীতে আক্রান্ত নারী কনস্টেবল মোসা; রীমা খাতুন। রোববার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়েল আলম বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধ যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য।
গত ২৭ মে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত নারী কনস্টেবল রীমা খাতুনের করোনা পজিটিভ সনাক্ত হয়। পরবর্তীতে পরপর দুইবার নমুনা টেস্টে নেগেটিভ আসে।
রোববার সকালে সুস্থ হিসেবে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এ সময় তাকে পুলিশ হাসপাতালেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
ইফতেখায়েল আলম বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে করোনা জয়ী রীমাকে ফুল দিয়ে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে অভিন্দন জানান রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ ।
এ সময় দৃঢ় মনোবল নিয়ে সবসময় সাধারণ জনগনের পাশে আছে রাজশাহী জেলা পুলিশ জানান তিনি। জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।