বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে সাংবাদিক মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান তারা (৭০) ও গার্মেন্টসকর্মী মুজাহিদুল ইসলাম (৪৫) মৃত্যুবরণ করেছেন ।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মমিন এ তথ্য দিয়েছেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ প্রস্তুত, জানাজা ও দাফন করেছেন।
বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্য সাইদুজ্জামান তারা বগুড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক হাতিয়ার পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় শনিবার সকালে গার্ড অব অনার ও জানাজা শেষে তাঁকে গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে।
ডা. খায়রুল বাশার মমিন আরো জানান, গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিক মুজাহিদুল ইসলামের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ২০ জুন মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে ভর্তি হন।
শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শুক্রবার তাকে আইসিইউতে রাখা হয়। রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান।