বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২২ নারী ও চার শিশুসহ আরো ৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এ নিয়ে গত ৯০ দিনে জেলায় করোনা পজিটিভ হয়েছেন, দুই হাজার ৭৮২ জন। সুস্থ হয়েছেন, ৪৪৩ জন ও মৃত্যুবরণ করেছেন, ৪৮ জন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জন পজিটিভ হন।
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ১৩৭ জনের মধ্যে ৫৪ জনের করোনা ধরা পড়ে।
২৪ ঘন্টায় বগুড়ার দুটি ল্যাবের রিপোর্টে চিকিৎসকসহ বিভিন্ন পেশার মোট ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৫ জন, গাবতলীতে ৬ জন, শাজাহানপুরে তিনজন, শিবগঞ্জে ৩ জন ও দুপচাঁচিয়ায় ২ জন।