বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৬ জন নারী ও ছয়জন শিশু।
এ নিয়ে গত ৯৪ দিনে জেলায় মোট তিন হাজার ১৯৯ জন করোনা পজিটিভ হলো। সুস্থ হয়েছে ৮৪৫জন এবং মৃত্যুবরণ করেছে ৫৪ জন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নয়জনের পজিটিভ এসেছে।
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ৭৬ জনের মধ্যে ৩৩ জন করোনা পজিটিভ হয়েছেন।
এছাড়া ঢাকার ল্যাবে পাঠানো ৫৫৪ জনের নমুনার মধ্যে ১০৫ জনের করোনা শনাক্ত হয়।
গত ২৪ ঘন্টায় তিনটি ল্যাবের পরীক্ষায় মোট ১৪৭ জন করোনায় আক্রান্ত হন।
এর মধ্যে সদরে ১২৮ জন, গাবতলীতে নয়জন, শিবগঞ্জে চারজন, শেরপুরে তিনজন, শাজাহানপুরে দু’জন ও আদমদীঘিতে একজন।