বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া পৌরসভার নয়টি লাল অঞ্চলে বা রেড জোনে লকডাউনের মেয়াদ ২১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের সুপারিশে জেলা প্রশাসক জিয়াউল হক সোমবার বিকালে এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
লকডাউন এলাকাগুলো হলো বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনী।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্র জানায়, সোমবার দুপুরে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউল হক সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন, সদস্য সচিব ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, সদস্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ ভুঁইয়া, অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা প্রমুখ।
সভায় জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সর্বসম্মত্তিতে পৌরসভার ৯টি রেডজোনে আগামী ২১ জুলাই পর্যন্ত লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত হয়।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২১ জুন বগুড়া পৌরসভার নয়টি রেড জোন এলাকায় লকডাউন করা হয়।
এর প্রেক্ষিতে ওইসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ কমে ও সুস্থতার সংখ্যা বৃদ্ধি পায়। ৫ জুলাই লকডাউনের মেয়াদ শেষ হয়।
তাই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতিক্রমে নতুন করে ওইসব এলাকায় ১৫ দিনের জন্য লডডাউন ঘোষণা করা হয়েছে।
বগুড়ার নবাগত জেলা প্রশাসক জিয়াউল হক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোভিড ১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষে বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনী এলাকায় পূর্ব ঘোষিত রেডজোন আগামী ২১ জুলাই বিকাল ৫টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ওইসব এলাকায় পূর্ব ঘোষিত নির্দেশনা বহাল থাকবে এবং সকলকে মেনে চলার অনুরোধ করা হলো।’