বাংলা হেডলাইনস: দেশে মরণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,১৫১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৪৬ জন এবং নারী ৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১,৯৫৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬.৩১ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৭৮ হাজার ১০২ জন।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩,০২৭ জন। এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৬৮ হাজার ৬৪৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৯৮ শতাংশ।
২৪ ঘণ্টায় ১৩১৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০ টি ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের আঠারো জন, ৬১ থেকে ৭০ বছরের একুশ জন, ৭১ থেকে ৮০ বছরের ছয় জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে।
হাসপাতালে ৩৯ জন, বাড়িতে ১৫ জন মৃত্যুবরণ করেছে এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছে ১ জন ।
তিনি জানান বিভাগভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় ৭ জন, রাজশাহীতে ২ জন, বরিশালে ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।