বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাত ১১ টার দিকে নিহতের বড় মেয়ে সোনিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে হত্যা মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল।
তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার বা আটক করা যায়নি।
এদিকে আজ সকালে লাশগুলো পোষ্টমর্টেমের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। পোষ্টমর্টেমের পরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মধুপুর থানার ওসি তারিক কামাল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই রহস্যউন্মোচন হবে।
তিনি জানান, আজ শনিবার মৃতদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছিল। তারা নিহতের সম্পর্কে শ্যালক।
এর আগে শুক্রবার উপজেলার পল্লীবিদ্যুৎ রোডের মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের চারজনকেই গলাকেটে এবং কুড়াল দিয়ে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।