বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পারিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার পর তাদের মামলা করার বা বিচার চাওয়ার অধিকার ছিল না।
আজ শুক্রবার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এক মিলাদ ও দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করে তিনি এই মন্তব্য করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ বিভাগ রাজধানীতে আগারগাও এ সমাজ কল্যাণ বিভাগের অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করে।
শেখ হাসিনা বলেন আমরা যখন আপনজন হারিয়েছিলাম আমাদের কারও মামলা করবার বা বিচার চাওয়ার অধিকার ছিল না।
তিনি বলেন রাষ্ট্রীয় অধিকারও বন্ধ করে দেওয়া হয়েছিল। ইনডেমনিটি অর্ডিন্যান্স অর্থাৎ খুনিদেরকে (বঙ্গবন্ধুর খুনি) সমস্ত দায় মুক্ত করা হয়েছিল এবং খুনিদেরকে বিভিন্ন দুতাবসে চাকরি পুরস্কার দেওয়া হয়েছিল। তাদেরকে দেশে বিদেশে চাকরি দেওয়া হয়েছিল। তারা পুরস্কৃত হয়েছিল এই খুন করার জন্য।
প্রধানমন্ত্রী বলেন নারী হত্যাকারী, শিশু হত্যাকারী, রাষ্ট্রপতি হত্যাকারী তাদেরকে পুরস্কৃত করে। এই রকম ঘটনা বাংলাদেশে ঘটেছে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন আমরা সেই অবস্থা থেকে পরিবর্তন আনতে চাই । এদেশের সব মানুষ যেন নিরাপদে থাকতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে, ন্যায়পরায়ণতা যেন সৃষ্টি হয়, প্রত্যেক মানুষের যেন অধিকার থাকে সে দিকেই আমরা লক্ষ্য রাখি।