বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল।
শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশীদ তারা একটা ইন্টারভিউ দেয়। সেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সাথে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তার মদদেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন খুনের সাথে জড়িত ছিল বলেই সে (জিয়া) ভয়ে ভিত ছিল। সেই জন্যেই সে তদন্ত (মুজিব হত্যার) করতে দেয়নি।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের স্মরণ সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন ১৫ ই ফেব্রুয়ারী (১৯৯৬) বাংলাদেশে একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে কর্নেল রশীদকে নির্বাচিত করা হলো, মেজর হুদাকেও নির্বাচিত করা হলো। তাদেরকে পার্লামেন্ট বসানো হলো এবং সেই খুনি কর্নেল রশীদকে বিরোধী দলের আসনে বসানো হয়েছিল।
প্রধানমন্ত্রী হাসিনা প্রশ্ন করেন খালেদা জিয়ার খুনিদের প্রতি এত দরদ কেন?
শেখ হাসিনা বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের সেই স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে সমস্ত চেতনা ও আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল।