বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় পাট পণ্যের ওজনে কারচুপি করে ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের মামলায় বিজেএমসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভুঁইয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত দায়িত্বে থাকাকালে মামলার আসামীরা প্লাটিনাম জুবলি জুট মিলস্’র ওয়েস্টেজ রোলের (বাতিল হওয়া পাট পণ্য) ওজনে ঘাটতি দেখিয়ে ১৫২৯ দশমিক ২৯ মেট্রিক টন পাট পণ্য আত্মসাৎ করেন। যার মূল্য ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা।
এ ঘটনায় ২০১৬ সালে খালিশপুর থানায় মামলার পর ২০১৯ সালের ২৬ আগষ্ট শংকর চন্দ্র ভুঁইয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
মামলার অন্য দুই আসামী বিজেএমসির মহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) জাহাঙ্গীর হোসেন এবং প্লাটিনাম জুবলি জুট মিলস্ মিলের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) লিয়াকত হোসেন জামিনে রয়েছেন।