বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ মঙ্গলবার মৃত্যুবরণ করেছে ৪৬ জন ।
এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মোট ৩,৭৪০ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ। গতকাল সোমবার করোনায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ১১ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৬২ হাজার ৮২৫ জন।
শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৭.৬৭ শতাংশ। গতকাল সোমবার সুস্থতার হার ৫৭.৫৩ শতাংশ।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩২০০ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় করোনা ভাইরাস শনাক্তের হার ২১.৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১৪,৬৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯ টি।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের ১৭ জন এবং ৬০ বছরের উপরে ২২ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৩ জন, খুলনায় ৭ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৪ জন, রংপুরে ৩ জন, বরিশালে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ।