বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৮ জন করোনা পজিটিভ হয়েছে।
এ নিয়ে গত ১৪৫ দিনে এ জেলায় মোট করোনা আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়িয়েছে, ছয় হাজার ২৩২ জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এসব তথ্য দেন।
ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৫ জন পজিটিভ হন।
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের পজিটিভ আসে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জানান নতুন আক্রান্ত ৭৮ জনের মধ্যে ৩৭ জন পুরুষ, ৩৬ জন নারী ও পাঁচজন শিশু।
তিনি আরো জানান, সদরে ৫০ জনসহ গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস মুক্ত হয়েছেন ৫২ জন। এ সময় মারা গেছেন, জয়পুরহাটের এক ব্যক্তি। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেলেন, ১৪৫ জন। মোট সুস্থ হয়েছেন, পাঁচ হাজার ৫৭ জন।