বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) থেকে সুস্থতা বৃদ্ধির হার অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ সোমবার করোনা থেকে সুস্থ হয়েছে ৩,৭৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৬১.৫৬ শতাংশ।আর গতকাল সুস্থতার হার ছিল ৬০.৭৯ শতাংশ।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ জন মৃত্যুবরণ করেছে। আর গতকাল মৃতের সংখ্যা ছিল ৩৪ জন।
এ পর্যন্ত মোট ৩,৯৮৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৪৮৫ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৯৭ হাজার ৮৩ জন। আজ সোমবার পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ১৮.৫৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১৩,৩৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১১ জন।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের নয়জন, ৫১ থেকে ৬০ বছরের বারো জন এবং ৬০ বছরের উপরে উনিশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ৭ জন, খুলনায় ৬ জন, রাজশাহীতে ৩ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন ।