বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় বিগত জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে খুলনা মেট্রোপলিটন এলাকায় ও জেলায় দায়েরকৃত মামলার সংখ্যা হ্রাস পেয়েছে ।
মেট্রোপলিটন এলাকায় ৩১টি হ্রাস পেয়েছে ও জেলা অধিক্ষেত্রে মামলার সংখ্যা ৬৪টি হ্রাস পেয়েছে।
বিগত মাসে খুলনা জেলায় ৮৮ টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুইশত ৭৬টি মামলা দায়ের ও দুইশ ৮৬ জনকে দন্ড প্রদান করা হয়। এসময় তিন লাখ ৪৫ হাজার নয়শত টাকা জরিমানা করা হয়।
আজ (রবিবার) সকালে জুম প্রযুক্তির মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভায় এই তথ্য জানানো হয়।
খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় জেলা প্রশাসক বলেন, জেলা-উপজেলার অপরাধ প্রবণ ও সংবেদনশীল বাজারগুলোর সংশ্লিষ্ট বাজার কমিটির মাধ্যমে সিসি টিভি স্থাপনের উদ্যোগ নিতে হবে।
মাদকের অপব্যবহার ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। জেলার গ্রামীণ এলাকায় সালিশ বৈঠকে মুচলেকার মাধ্যমে অর্থ আদায় করে প্রাপ্য ব্যক্তিকে না দিয়ে সালিশকারীরা আত্মসাত করছে এমন বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে, যা একটি ফৌজদারি অপরাধ।
এছাড়া জেলা প্রশাসক সরকারি শিশু পরিবারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিশুদের বিকাশে সঠিক পরিবেশ রক্ষা করতে সংশ্লিষ্টদের নিদের্শ দেন।
সভায় পুলিশ বিভাগের পক্ষ হতে সাইবার অপরাধ ও প্রতারণা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে অনুরোধ করা হয়।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, খুলনা সিভিল সার্জন ডাঃ সুজাত আহম্মেদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জিএম আবুল কালাম আজাদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।