বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১২ হাজার গাছের চারা বিতরণ করছে জেলা পরিষদ।
সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহীউদ্দীন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ১নং সংরক্ষিত এলাকার সদস্য জোস্নায়ারা শিমু, সহকারী প্রকৌশলী মোজাম্মেল হকসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তবৃন্দ।
জেলা শহরের কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান তাদের প্রতিষ্ঠানের পক্ষে গাছের চারা গ্রহণ করেন।
পরবর্তীতে জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকার প্রতিষ্ঠান প্রধানদের হাতে বাকী চারা তুলে দেওয়া হবে।
চারা বিতরণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গনে কয়েকটি গাছের চারা রোপণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
কর্মসূচি উদ্বোধনকালে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, গাছ মানুষের অকৃত্রিম বন্ধু। গাছ মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে এবং মানুষের নির্গত ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে।
গাছকে পরোপকারী বন্ধু আখ্যা দিয়ে তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহবান করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলার ৩০০
সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করার সিদ্ধান্ত
নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ।