বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার শিবগঞ্জের জামুরহাট ও বুড়িগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে আলু মজুদ করে রাখাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত শনিবার দুপুরে তিনটি হিমাগার মালিক ও দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা ও পাপিয়া সুলতানার নেতৃত্বে আদালত এ জরিমানা করে।
আদালত সূত্র জানায়, লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে আলু মজুদ, ক্রয়-বিক্রয়ের রশিদ ছাড়া আলু বিক্রয় ও নির্ধারিত দরের অধিক মূল্যে আলু বিক্রয় করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার ভ্র্যমামাণ আদালত বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ এলাকার নিউ জনতা কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা ও জামুরহাটের মাল্টিপারপাস কোল্ড স্টোরেজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
একই অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা জামুরহাটের মাহমুদিয়া কোল্ড স্টোরেজকে ১০ হাজার টাকা জরিমানা এবং দু’জন পাইকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা ও পাপিয়া সুলতানা জানান, কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। সকলে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেছেন।