বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার শৈলাবাড়ী গ্রামে ৯ম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন ভ্রাম্যমান আদালত। তখন কনের বাড়িতে ওই গ্রামের ইয়াকুব আলীর মেয়ে ও স্থানীয় মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী বিউটি খাতুনের (১৫) সাথে চর খোকশাবাড়ী গ্রামের আঃ করিমের ছেলে ইসমাইল হোসেন সনেটের বিয়ের আলোচনা চলছিল। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা দেলোয়ার হোসেনকে ৫ হাজার, কনের মামা সাইদকে ৫ হাজার ও বর সনেটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার বাবুল আক্তার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।