বাংলা হেডলাইনস গাজীপুর : ‘স্বাধীনতার চেতনাকে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধারণ করতে হবে, লালন করতে হবে’।
‘স্বাধীনতার মূল মন্ত্রকে লালন করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে’, পুলিশের আইজি বেনজীর আহমেদ বুধবার গাজীপুর পুলিশ লাইনের সামনে নবনির্মিত নান্দনিক ভাস্কর্য ;চেতনায় স্বাধীনতা এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
এই সভায় গাজীপুর প্রান্তে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার।
দুই প্রান্তে ঢাকার ডিআইজি হাবিবুর রহমান, সিএমপি কমিশনার খন্দকার লুৎফর রহমান, অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির, গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, আমিনুল ইসলাম, নন্দিতা রায়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বুধবার বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ যতনে স্বাধীনতা ভাস্কর্য উদ্বোধন ঘোষণা করেন। এরপর উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ ভাস্কর্যের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, পরবর্তী প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া, জাতির পিতা ও জাতীয় চার নেতার আত্মত্যাগের ঐতিহাসিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সৌধটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।
যে সময়ে দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্যের উপর আঘাত আসছে সেই সময়ে এটির উদ্বোধন করে ভাস্কর্য বিরোধীদের প্রতিবাদস্বরূপ মনে করছেন পুলিশ সুপার শামসুন্নাহার।
নান্দনিক ভাস্কর্যটিতে উদীয়মান লাল সূর্যের বুকে ফুটিয়ে তোলা হয়েছে সোনালি মানচিত্র। মানচিত্রের নিচের অংশে স্থাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য।